খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে দীর্ঘদিন ধরে চলমান সংস্কার কাজের কারণে ভোগান্তিতে পড়েছেন সমাজবিজ্ঞান, কলা ও মানবিক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা।
সংস্কার কাজ চলাকালে সৃষ্ট শব্দ দূষণ ও ধুলাবালির কারণে ক্লাসরুম ও আশেপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের পড়াশোনা এবং মনোযোগে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তারা। জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাস থেকে সংস্কার কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। সংস্কারের ধীর গতির কারণে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ব্যাঘাতের সম্মুখীন হচ্ছেন। পাঠদানের সুস্থ পরিবেশ না থাকায় শিক্ষকরাও অনেক সময় ক্লাস নিতে অনিচ্ছা প্রকাশ করে। অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি সহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের পাঠদান উপযোগী পরিবেশ না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, " শিক্ষার্থীদের ক্লাস থাকায় শ্রমিকেরা দিনের একটা বড় অংশ সঠিকভাবে কাজ করতে পারেনা। শুক্র শনিবারেও বিভিন্ন ডিসিপ্লিনে মাস্টার্সের ক্লাস থাকে, তাই শ্রমিকেরা পর্যাপ্ত সময় পায়নি। এই কারণে সংস্কার প্রকল্প সমাপ্তির মেয়াদ আমাদের কিছুটা বাড়াতে হয়েছে। আশা করি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে। এ বিষয়ে সরজমিনে যেয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ক্লাস চলাকালীন সময়ে শ্রমিকেরা বিভিন্ন সংস্কার কাজে ব্যস্ত ছিল। ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, “ক্লাস চলাকালে মিস্ত্রীরা ঠকঠক শব্দ শুরু করে যার ফলে ক্লাসে মনোনিবেশ করা অনেক কঠিন। এছাড়া ক্লাস রুমের সুস্থ পরিবেশ না থাকায় ক্লাস করতেও ভালো লাগেনা। আমাদের দাবি কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই সংস্কার কাজ সম্পন্ন করে।"
0 coment rios: